ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
আকাশ মোল্লা : ছবি আরটিভি

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। এ ঘটনায় মূল আসামিরা গ্রেপ্তার না হলেও আসিফ হোসেন সিজান (১৬) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ছাত্রলীগ নেতা বশির ও তার ওপর হামলাকারীদের গ্রামে গিয়ে স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ এবং মাদক-সংশ্লিষ্ট বিষয় নিয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে পরিবারের দাবি, একটি দোকানের টাকা চুরির ঘটনায় বশির জিম্মাদার ছিলেন। ওই টাকার জন্য আকাশকে চাপ দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

এ দিন দুপুরে সদর উপজেলার পশ্চিম ঢাকার বাজু গ্রামে বশিরদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে শুধু তার দাদি মনোয়ারা বেগম ও নানি ময়জান বেগম ছাড়া কেউ নেই।

ময়জান বেগম বলেন, ঘটনার দিন তার নাতি বশির সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামে তাদের বাড়িতে ছিল। বিকেলে ফুটবল খেলে রাত ৮টার দিকে বাড়িতে আসে। এরপর কে যেন ফোন দিয়ে বশিরকে ডেকে নিয়ে যায়। পরে রাতে শুনি তার নাতি বশিরকে কুপিয়ে আহত করেছে।

বশিরের চাচা বেতিলা-মিতরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি আইজুদ্দিন বলেন, তার ভাতিজা বশির যে ছাত্রলীগ করে, তা আগে জানতাম না। কয়েক দিন আগেও সে আমাদের সঙ্গে বিএনপির মিছিল করেছে। তার ভাতিজাকে যে ডেকে নিয়ে মারছে, তার মধ্যে আকাশ মোল্লা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এছাড়া অন্য আসামিরাও এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তবে বশিরকে রাজনৈতিক কারণে মারা হয়নি। নিজেদের আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম গুজুরি গ্রামে আকাশদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা জুয়েল মোল্লা কিডনির সমস্যায় অসুস্থ হয়ে বাড়িতেই আছেন।

জুয়েল মোল্লা বলেন, তার ছেলে আকাশ ও বশির ঘনিষ্ঠ বন্ধু। তার ছেলে যেমন ভালো না, তেমনি বশিরও ভালো না। এরা সবাই এলাকায় খারাপ ছেলে হিসেবে পরিচিত।

আকাশের প্রতিবেশী শুকুর মিয়া বলেন, আকাশ ইটভাটায় কাজে গিয়ে শ্রমিকদের মোবাইল চুরি করে। এই ঘটনায় তার পরিবারের সম্মতিতে ঝামেলা মেটাতে এক লাখ টাকা ধার দেওয়া হয়। কিন্তু সেই টাকা ফেরত না দেওয়ার ঘটনায় তিনি মামলা করেছেন।

আকাশের মা শিপন আক্তার বলেন, তার এক ছেলে, এক মেয়ে। তার ছেলে কোনো পড়াশোনা করেনি। বখাটে হওয়ার কারণে তার অত্যাচারে আমরাও অতিষ্ঠ। দুই বছরে তার ছেলে চারটি বিয়ে করেছে। কোনো বিয়েতে আমাদের সম্মতি ছিল না। ছেলে খারাপ হওয়ার কারণে ৪/৫ মাস আগে ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সে এখন কোথায় আছে, তা জানি না।

পালড়া গ্রামের কবির হোসেন বলেন, বশির, আকাশ, আরিফ, তানজিদ, তুহিনসহ ২০/২৫ জনের একটি কিশোর গ্যাং রয়েছে এলাকায়। গত কোরবানি ঈদের পরের দিন সদর উপজেলার কৃষ্ণপুর কুমের পাড়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা আধিপত্য বিস্তার করে ও স্থানীয় নারীদের কটূক্তি করে। ওই দিন স্থানীয় লোকজন কিশোর গ্যাংকে ধাওয়া করে এবং তাদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এরা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। বশিরকে যারা মেরেছে, তারা বশিরের ঘনিষ্ঠ বন্ধু। হয়তো মাদকের কোনো টাকা-পয়সা অথবা এলাকায় আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটেছে।

অন্য আসামিদের মধ্যে আরিফ, তানজিদ ও তুহিন সম্পর্কে স্থানীয় লোকজন জানান, এরা মূলত কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কর্মকাণ্ডে এলাকার মানুষজন ভয়ে থাকে। এরা মাদক সেবন ও ব্যবসার সঙ্গেও জড়িত।

বশিরের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই বশির আসামি আকাশকে সিংগাইরে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ দেয়। কয়েক মাস কাজ করার পর আকাশ ওই দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল চুরি করে। এই ঘটনায় দোকানের মালিক তার ভাইকে টাকার জন্য চাপ দেন। তার ভাই বশির টাকার জন্য আকাশকে চাপ দিলে দুইজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত ২৭ সেপ্টেম্বর রাতে টাকা দেওয়ার কথা বলে তার ভাই বশিরকে আকাশ ডেকে নিয়ে যায়। এরপর আকাশের নেতৃত্বে আসামিরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে রগ কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে তার অবস্থা ভালো নয়।

বশিরের বাবা মনির হোসেন জানান, ২৭ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার পশ্চিম গুজুরি গ্রামের আকাশ তার ছেলে বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর বেতিলা মেঘবাড়ি রেস্টুরেন্টে বসে তারা আড্ডা দেয়। পূর্বশত্রুতার জের ধরে আকাশ (২১), তুহিন (২১), আরিফ (২০) ও তানজিদ (২২)সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন মিলে সিংগাইর উপজেলার ডেফলতলি এলাকায় একটি ইটভাটায় নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে দুই পা ও এক হাতের রগ কেটে দেওয়াসহ মাথায় কুপিয়ে আহত করে। এই ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের নামে একটি মামলা করেছেন। বর্তমানে তার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বশিরকে রাজনৈতিক কারণে হাত-পায়ের রগ কাটা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, তার ছেলে বশির মাদরাসায় পড়াশোনা করত। কিন্তু ২০২১ থেকে পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে রয়েছে। তার ছেলের নাম জেলা ছাত্রলীগে আছে, এটা সে আগে জানত না। রাজনৈতিক কারণে তার ছেলেকে মারা হয়নি।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো বলেন, বশিরকে রগ কেটে দেওয়ার ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা হয়। ওই মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। সোমবার রাতেই সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামে মিজানুর রহমানের ছেলে আসিফ হোসেন সিজান (১৬)কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক সিজানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ভিকটিমসহ আসামিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে এই রগ কাটার ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে কিশোর গ্যাংয়ের একটি ঘটনা ঘটেছিল। এই কিশোর গ্যাংয়ের সদস্যরাই স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করেছিল। এই ঘটনায় একটি মামলা রয়েছে। এতে এই গ্রুপের সদস্য আসামি রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। 
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বছর ধরে বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম নামে এক ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কবেল মানুয়ের জীবন বাঁচানোর তাগিদেই এ কাজ করছেনে তিনি। তার বাড়ি ঐ রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আরও পড়ুন
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১৮২
চলছে কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৪ দিনে আটক ছাড়াল ১৬০০
ফ্যাসিস্ট সরকার শিশু ও আলেমদেরকে হত্যা করেছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী