
চট্টগ্রামের সাতকানিয়া থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আরিফ উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার মোহাম্মদ নাছির চৌধুরীর ছেলে ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক।
পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন আরিফ উদ্দিন চৌধুরী। সরকারবিরোধী তৎপরতা চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে সাতকানিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/আইএম


