
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি (ভুটভুটি) রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গরু ব্যবসায়ী আয়েস উদ্দিন (৭০), তার ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং আব্দুল হামিদ (৩৫)। আহত আটজনের বাড়িও কানসাট ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নাচোল উপজেলার সোনাচণ্ডী গরুর হাট থেকে চারটি গরু নিয়ে ভুটভুটিতে করে বাড়ি ফিরছিলেন আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলামসহ কয়েকজন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুটভুটিটি চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভুটভুটিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম ও আব্দুল হামিদের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবুল হায়াত বলেন, দুর্ঘটনার পর নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আটজনের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএম


