
দিনাজপুরের বিরামপুরে বাড়ির সামনে আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে মালিহা জান্নাত (২) ও তাহিয়া জান্নাত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালিহা জান্নাত (২) ওই গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। আর তাহিয়া জান্নাত (৩) একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। তারা পরস্পর প্রতিবেশী।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন, সকালে মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত তাদের বাড়ির সামনের আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর বাবা-মা বাড়িতে গৃহস্থালি ও বাবা বাড়ির বাহিরের কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে ওই দুই শিশু বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ পরে ওই বাড়ির সামনের একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা ডোবার পানিতে একটি শিশুকে ভেসে থাকতে দেখেন। এ সময় শিক্ষার্থীরা বিষয়টি তাদের শিক্ষককে জানান। পরে, শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ডোবা থেকে মালিহা জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে, ঘটনাস্থল থেকে প্রায় দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়া জান্নাতকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাহিয়া জান্নাতকে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
আরটিভি/এমএইচজে


