
পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলম প্রামাণিক ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানায়, বিএনপি নেতা আলম প্রামাণিক এবং তার ভাই মান্নান প্রামাণিক দীর্ঘদিন ধরে অংশীদারত্বের ভিত্তিতে গরুর ব্যবসা করে আসছেন। ব্যবসার কারণে নিয়মিতই তাদের বাড়িতে বেশকিছু গবাদিপশু রাখা হতো। প্রতিদিনের মতো এ দিন রাতেও বাড়ির গোয়ালঘর এবং সামনের ফাঁকা জায়গায় গরুগুলো বেঁধে রাখা হয়েছিল। পরে রাতের কোনো এক সময়ে সুযোগ বুঝে চোরচক্র সেখান থেকে ৬টি গরু নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী আলম প্রামাণিক জানান, তিনি রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মূলত গরুর ব্যবসা দেখাশোনা করেন তার ছোট ভাই মান্নান প্রামানিক। তারা দুই ভাই অংশীদারমূলকভাবে দীর্ঘদিন ধরে গরর ব্যবসা করে আসছেন। সেকারণে প্রতিনিয়ই তাদের বাড়িতে গরু এনে রাখা হয়। প্রতিদিনের মত গতকাল রাতেও বেশকিছু গরু বাড়িতে এনে রাখা হয়। গোয়ালঘরে জায়গা না হওয়ায় সামনের ফাঁকা জায়গাতেও কিছু গরু বেঁধে রাখেন তারা। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে তিনি শেষবারের মত গরুগুলোকে ঠিকঠাক দেখেছিলেন। পরে আবার রাত তিনটার পর ঘুম ভেঙ্গে বাড়ির সামনে গোয়ালঘরের কাছে গিয়ে দেখেন ৬টি গরু চুরি হয়ে গেছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশাদুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া গরুগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ।
আরটিভি/এমএম


