
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজান কবির উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি লালমোহন বাজারে অবস্থিত সানমুন টাইলসের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে লালমোহন যাচ্ছিলেন শাহাজান কবির। পথে গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনায় বিএনপি নেতা শাহাজান কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এসকে


