
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ টিনশেডে ঘরে আগুন দিয়ে এক তরুণকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. দেলোয়ার হোসেন (১৮) জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বুধু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়া বাড়ি গ্রামের খাসপাড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন।
জমির মালিক হুরমত আলী শেখ জানান, জমি নিয়ে কয়েক বছর ধরে চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে বিরোধ চলছে। ওই জমিতে একটি টিনশেডের ঘর নির্মাণ করে পাহারা দেওয়া হয়। ঘরটি দিনে তালাবদ্ধ থাকে। রাত ১০টার দিকে তিনি এসে ওই ঘরে ঘুমান।
শনিবার (৩ অক্টোবর) রাতে রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলেন তিনি। হঠাৎ এক প্রতিবেশী ফোন করে জানায় ঘরে আগুন লেগেছে। দৌড়ে গিয়ে দেখেন ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের ভেতর একজনের ডাকচিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, ওইদিনও ঘরটি তালাবদ্ধ ছিল। নিহত দেলোয়ারকে তিনি চেনেন না। সে কীভাবে, কেন ঘরে ঢুকল জানি না।
আগুন কীভাবে লেগেছে তাও বলতে পারব না। ঘরে পেট্রল ও কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পেট্রল ছিটিয়ে ঘরে আগুন দেওয়া হয়েছে। আর ওই আগুনে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের বাবা বুধু মিয়া বলেন, তিনি যেখানে বাস করেন সেখান থেকে আগুনে পুড়ে যাওয়া ঘরটি বেশ দূরে। তার ছেলে ওই ঘরে কীভাবে গেল জানেন না। আগুনে পুড়ে ছেলের শরীর অঙ্গার হয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পেট্রল দিয়ে না অন্য উপয়ে আগুন দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরটিভি/এমএম


