
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
শনিবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে এসআরবি-১১, সিপিএসসি-এর একটি বিশেষ অভিযানিক দল এসব উদ্ধার করে।
জানা গেছে, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন লোক দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অপরাধ দমনে এসআরবি-১১ এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে



