ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ হলেন মামুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ জন অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী মামুন বিশ্বাস।

নিজের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে জেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অভিভাবকহীন মেয়েদের বিয়ে দিয়ে এখন তিনি পরিচিতি পেয়েছেন ১৫৬ মেয়ের ‘বাবা’ হিসেবে।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন মামুন বিশ্বাস। অর্থের অভাবে যেসব পরিবার মেয়ের বিয়ে দিতে পারছিল না, তাদের জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতা সংগ্রহ করে বিয়ের আয়োজন করেন তিনি। প্রতিটি বিয়েই সাধ্যমতো আয়োজন করে মেয়েদের নতুন জীবন শুরুর সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন।

সম্প্রতি মাত্র ছয় দিনের ব্যবধানে কামারখন্দ উপজেলার দুই অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।

কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামের আবু তালেব ও সামিদা দম্পতির মেয়ে আতিয়া খাতুনের বিয়ের জন্য ফেসবুকের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকা সহযোগিতা সংগ্রহ করা হয়। গত ২৫ সেপ্টেম্বর সেই অর্থে আতিয়ার বিয়ের আয়োজন করা হয়।

এর মাত্র ছয় দিন পর, ১ অক্টোবর কামারখন্দের জামতৈল গ্রামের সুচিত্রা রানি দাসের বিয়ের দায়িত্ব নেন মামুন বিশ্বাস। সুচিত্রার বিয়েতে প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা ব্যয় করা হয়। আর্থিক সংকটের কারণে একাধিকবার বিয়ে ভেঙে যাওয়া সুচিত্রার জন্যও করা হয় জমকালো বিয়ের আয়োজন।

এভাবে একের পর এক অসহায় মেয়ের পাশে দাঁড়াতে দাঁড়াতে মামুন বিশ্বাস এখন ১৫৬ মেয়ের অভিভাবক হিসেবে পরিচিত হয়েছেন। মাত্র ৩৮ বছর বয়সে ১৫৬টি মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার এই উদ্যোগ স্থানীয় মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

মামুন বিশ্বাসের উদ্যোগে বিয়ে হওয়া মেয়েরা এখন নতুন সংসার শুরু করে স্বাভাবিক জীবনে ফিরছেন। বিয়ের পরও তাদের নিজের মেয়ের মতোই মনে করেন তিনি। তাই ১৫৬ জন মেয়ের বিয়ের দায়িত্ব পালন করতে করতে মানুষের কাছে মামুন বিশ্বাস এখন শুধু একজন স্বেচ্ছাসেবী নন, বরং ১৫৬ মেয়ের ‘বাবা’।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজন বিবেচনায় আরও নতুন বই যুক্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। প্রতিযোগিতায় দেশের সব কটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আরটিভি/টিআর
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্র বর্মন উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্র বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানক্ষেতে বিপুলের মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলের পাশে একটি চার্জার ভ্যানও পড়ে থাকতে দেখা যায়। ধানক্ষেতের কয়েকটি স্থানে ধানগাছ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে বিপুলের সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে রাত ১টার দিকে পীরগঞ্জ থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/টিআর
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার
খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার
ডেঙ্গুতে রোহিঙ্গা ক্যাম্পে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে এ বছর ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮২ জন রোগী। সোমবার (৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, জেলাব্যাপী শনাক্তের সংখ্যা ৫ হাজার ৩৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬১৫ জন রোগী। প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্পে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন শিশু। অন্য চারজন বয়স্ক নারী ও পুরুষ। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা। এ সময়ে ২৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। আরটিভি/টিআর
ডেঙ্গুতে রোহিঙ্গা ক্যাম্পে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূইচিত্র এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে একটি অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (প্রায় ৪০) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়। এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখতে গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। নিহতের পকেট থেকে উদ্ধার করা ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য জানান। আরটিভি/টিআর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
আরও পড়ুন
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সার মজুত করায় পদ হারালেন জামায়াত নেতা
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার