
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে মোনাফ ও একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সরাসরি চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও বাসের চালককে আটক করে।
আরটিভি/টিআর


