
মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল ডিঙ্গাভাঙ্গা এলাকার শহীদ দেওয়ানের বাড়ির সামনের পায়ে হাঁটা কাঁচা রাস্তায় অভিযান চালায়।
এ সময় মনির হোসেন ওরফে ‘গাঁজা মনিরকে’ আটক করে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মনির হোসেন ডিঙ্গাভাঙ্গা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
আরটিভি/এসএস




