
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতেই দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় তারা টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম


