
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শ্যুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। এছাড়াও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
অভিযানে পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদক সেবনের অভিযোগে ১৮ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানো হয়।
পরে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ বিবেচনায় নিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পাবনার পুলিশ সুপারের তত্ত্বাবধানে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ঈশ্বরদী থানার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএ



