
মুন্সীগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কেফায়েত উল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় কেফায়েত উল্লাহর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে।
আরটিভি/টিআর




