
বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বরগুনা পৌর শহরের বাঁশবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হলে ১০ টাকার বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নেন ভ্যানচালক জলিল। পরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে বলাৎকার করা হয়। পরে ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে ১০০ টাকা দেন অভিযুক্ত।
পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পরিবারের সদস্যরা বিকেল ৩টার দিকে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করেন।
শিশুটির মা বলেন, আমার ছেলের মুখে ঘটনা শোনার পর তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছি। এরপর পুলিশ এসে ঘটনা বিস্তারিত জেনে গেছে। আমি ভ্যানচালক জলিলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার শাস্তি না হলে অন্য শিশুদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার পরই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে


