
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সালমান (২৩) নামে সিগারেট কোম্পানির এক কর্মী আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির পিয়ন হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, গুলির কারণ ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এসআর



