
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপ।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলেও কাজ না করে বিক্ষোভ শুরু করেন। এ পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। রাজধানীর মিরপুর, সাভার ও আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় কারখানা ভাঙচুরের পাশাপাশি পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল পর্যন্ত ১০টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচটি, গাজীপুরে তিনটি এবং সাভার ও আশুলিয়ায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় এখন পর্যন্ত ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন।
আরটিভি/এসকে


