
৪০৬৮ কোটি টাকার নতুন দুইটি জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণ কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বরে) মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়নের জন্য এ বন্দর পরিদর্শন করে যান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে জানান, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে নতুন দুইটি কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি প্রধানমন্ত্রী চীন সফরে গিয়ে এই উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছিলেন। এরপর গত ১০ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার ফলশ্রুতিতেই প্রধানমন্ত্রীর এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কার্যক্রম।
তিনি বলেন, ৪০৬৮ কোটি টাকার এ প্রকল্পে থাকছে নতুন দুইটি কন্টেইনার জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণ এবং পণ্য হ্যান্ডেলিংয়ে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি সংযোজন। ৪০৬৮ কোটি টাকার মধ্যে সরকার বিনিয়োগ করবে ৪৭৫ কোটি টাকা। বাকী টাকা সংশ্লিষ্ট চায়না কোম্পানির।
মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, এ বন্দর চ্যানেলের নাব্যতা বৃদ্ধিতে পরিকল্পিত ড্রেজিং ও সংরক্ষণ, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, ফয়লা বিমান বন্দর চালু ও দ্রুত বন্দরের আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণের দাবি বন্দর ব্যবহারকারীদের।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী মোংলা বন্দরে চায়না কোম্পানির নতুন দুটি কন্টেইনার জেটির নির্মাণ কাজের উদ্বোধনের পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের রেলওয়ে চুক্তি স্বাক্ষর করবেন। এর ফলে মোংলা বন্দর দিয়ে কন্টেইনার রেল চালু হবে। এতে ব্যবসায়ীদের আগ্রহ ও বিনিয়োগ বাড়বে।
আরটিভি/এমএইচজে




