ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আট দিনে তিন অ্যালবিনো সাপ উদ্ধার, রঙের ভিন্নতায় বাড়ছে আলোচনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে দেখা মিলছে অ্যালবিনো সাপের। গত আট দিনে ঢাকা, চট্টগ্রাম ও পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে দুটি অ্যালবিনো জলঢোঁড়া ও একটি অ্যালবিনো পদ্মগোখরা সাপ। স্বাভাবিক রঙের পরিবর্তে এসব সাপের শরীরে দেখা যাচ্ছে হলদেটে, সাদা কিংবা হালকা গোলাপি আভা। ব্যতিক্রমী রঙের এসব সাপের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা।

প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, অ্যালবিনিজম একটি জিনগত অবস্থা। শরীরে রঞ্জক পদার্থ মেলানিনের ঘাটতির কারণে প্রাণীর স্বাভাবিক রঙ পরিবর্তিত হয়। সাপের ক্ষেত্রেও এটি স্বাভাবিক জিনগত বৈশিষ্ট্য। তবে শরীরের রঙ পরিবর্তন হলেও সাপের বিষধর বা নির্বিষ হওয়ার বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আসে না।

বিশেষজ্ঞদের মতে, অস্বাভাবিক রঙের কারণে প্রাকৃতিক পরিবেশে ছদ্মবেশ ধারণের সক্ষমতা কমে যায় অ্যালবিনো সাপের। ফলে শিকারি প্রাণীদের কাছে সহজে চিহ্নিত হয়ে পড়ার ঝুঁকি থাকে।

গবেষক ও প্রাণী উদ্ধারকর্মীরা বলছেন, বাংলাদেশে অ্যালবিনো সাপ নতুন কোনো ঘটনা নয়। আগেও এ ধরনের সাপের দেখা মিলেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রচার, প্রাণী উদ্ধারকারী সংগঠনগুলোর তৎপরতা এবং মানুষের সচেতনতা বাড়ায় এখন এসব সাপ বেশি আলোচনায় আসছে।

গত ২৭ অক্টোবর পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর এলাকার একটি পুকুরে একটি সাপকে টেঁটা দিয়ে আঘাত করেন স্থানীয়রা। পরে ইমন নামে এক তরুণ সাপটিকে উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাণী উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলামের কাছে নিয়ে যান। এরপর থেকে সাপটিকে নিজের কাছে রেখে চিকিৎসা দিচ্ছেন তিনি।

পঞ্চগড়ের ঘটনার পর গত ১ নভেম্বর ঢাকার ডেমরা থেকে অ্যালবিনো পদ্মগোখরা সাপ উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। পরদিন ৩ নভেম্বর চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকার একটি বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় আরেকটি অ্যালবিনো জলঢোঁড়া সাপ।

সহিদুল ইসলাম বলেন, পঞ্চগড়ে এর আগে অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধারের ঘটনা তার জানা নেই। বাংলাদেশে শনাক্ত হওয়া অ্যালবিনো সাপের মধ্যে অধিকাংশই জলঢোঁড়া।

তিনি জানান, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তাদের সংগঠন দেশের বিভিন্ন এলাকা থেকে পাঁচটি অ্যালবিনো সাপ উদ্ধার করেছে। এ ছাড়া সম্প্রতি একটি অ্যালবিনো পদ্মগোখরা এবং কিছুদিন আগে একটি অ্যালবিনো মেটে সাপ উদ্ধার হয়েছে। ফেনী থেকে উদ্ধার করা হয়েছে একটি লিউসিস্টিক বা সাদা-ফ্যাকাশে জলঢোঁড়া সাপ।

অ্যালবিনিজম মূলত এক ধরনের জিনগত অবস্থা। শরীরে মেলানিনের উৎপাদন কমে গেলে বা একেবারেই না হলে প্রাণীর স্বাভাবিক রঙ পরিবর্তিত হয়ে যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘সুপার নিউমারারি’ অধ্যাপক মো. ফরিদ আহসান বলেন, মেলানিনের ঘাটতির কারণে জিনগতভাবে প্রাণীদের শরীরের রঙে এ ধরনের পরিবর্তন ঘটে। এটি স্বাভাবিক একটি বিষয়। মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর মধ্যেও এমন বৈশিষ্ট্য দেখা যায়। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের সহযোগী গবেষক মিজানুর রহমান বলেন, অ্যালবিনিজম জিনগত বৈশিষ্ট্য। শরীরে মেলানিন একেবারে অনুপস্থিত থাকলে প্রাণীর শরীর সাদা হয়। আর কিছুটা মেলানিন থাকলে লাল, গোলাপি বা হলদেটে সাদা রঙ দেখা যেতে পারে।

তিনি বলেন, ভিন্ন রঙের সাপ দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটি স্বাভাবিক জিনগত পরিবর্তন। কোথাও এ ধরনের সাপ দেখা গেলে মানুষ যেন আতঙ্কিত বা উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ না নেয়।

পঞ্চগড় ও চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া জলঢোঁড়া সাপ দুটির শরীরে হলুদ ও সাদা ছোপ রয়েছে। চোখের রঙ বাদামি। অন্যদিকে, ঢাকার ডেমরা থেকে উদ্ধার হওয়া পদ্মগোখরা সাপটির শরীর হালকা গোলাপি এবং চোখ লালচে।

তবে শরীরের রঙের এই ভিন্নতাই অ্যালবিনো সাপের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। পঞ্চগড়ে উদ্ধার হওয়া সাপটিকে টেঁটা দিয়ে আঘাত করার ঘটনাও এর উদাহরণ।

নাইমুল ইসলাম নিলয় বলেন, অ্যালবিনো সাপের শরীরে অস্বাভাবিক রঙ থাকায় প্রাকৃতিক পরিবেশে ছদ্মবেশ ধারণের সক্ষমতা কমে যায়। ফলে অন্য শিকারি প্রাণীরা সহজেই তাদের শনাক্ত করতে পারে। এ কারণে স্বাভাবিক রঙের সাপের তুলনায় তাদের ঝুঁকি বেশি।

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি একাধিক প্রজাতির অ্যালবিনো সাপের দেখা মিললেও এটিকে অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন না গবেষকরা।

মিজানুর রহমান বলেন, প্রকৃতিতে অ্যালবিনো সাপ আগে থেকেই ছিল। তবে এখন কোথাও ব্যতিক্রমী রঙের সাপ উদ্ধার হলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ছে। ব্যাপক প্রচারের কারণে মনে হচ্ছে, অ্যালবিনো সাপের সংখ্যা বা উদ্ধার বেড়ে গেছে। মূলত এটি স্বাভাবিক একটি জিনগত ঘটনা।

অ্যালবিনো হলেও সাপের প্রজাতিগত বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন হয় না উল্লেখ করে তিনি বলেন, যে সাপ বিষধর, অ্যালবিনো হলেও সেটি বিষধরই থাকবে। একইভাবে নির্বিষ সাপ নির্বিষই থাকবে। অ্যালবিনিজমের কারণে বিষধর বা নির্বিষ হওয়ার বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আসে না।

তাই ভিন্ন রঙের সাপ দেখলেই সেটি ধরতে বা মারতে এগিয়ে না আসার আহ্বান জানিয়েছেন তিনি। সাপ দেখা গেলে নিরাপদ দূরত্ব বজায় রেখে অভিজ্ঞ উদ্ধারকর্মীদের খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। 
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ের কুমিল্লা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা
জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম
বরিশাল বিভাগের প্রায় এক কোটি মানুষের চোখের চিকিৎসার প্রধান সরকারি ভরসা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)। বিভাগে প্রতিবছর নতুন করে প্রায় ৩০ হাজার মানুষ ছানি রোগে আক্রান্ত হলেও জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ। ফলে চিকিৎসার জন্য বিভাগীয় শহরে ছুটতে হচ্ছে রোগীদের। এতে বাড়ছে যাতায়াত ব্যয়, ভোগান্তি ও চিকিৎসার অপেক্ষা।
জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম
আশুলিয়ায় ১৭ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
ঢাকার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের কারণে ১৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
আশুলিয়ায় ১৭ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
চট্টগ্রাম বন্দরে ১২৬ টন আপেল-আদা নিলামে বিক্রির উদ্যোগ
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব কনটেইনারে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল ও ৭৮ হাজার ৩০০ কেজি তাজা আদা। সব মিলিয়ে ১ লাখ ২৫ হাজার ৭৪০ কেজি বা প্রায় ১২৬ টন পণ্য নিলামে তোলা হচ্ছে। এসব পণ্যের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দরে ১২৬ টন আপেল-আদা নিলামে বিক্রির উদ্যোগ