
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুরে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি-র ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন রিমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীরা নতুন ক্লাস শুরু করবে তার আগেই আমরা তাদের হাতে বইটা তুলে দিতে চাই। বিশেষ করে যেদিন তাদের বার্ষিক পরীক্ষার ফল বের হবে সেদিন একটা আনন্দের দিন এবং সেদিনই আমরা তাদের হাতে নতুন বইগুলো তুলে দিতে চাই।
ছাপাখানা পরিদর্শনকালে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন বইয়ের গুণগত মান ও উৎপাদন প্রক্রিয়া খুঁটিয়ে দেখে জানান, নতুন বইয়ের মিষ্টি গন্ধে ছাত্র-ছাত্রীদের মন যেন উদ্ভাসিত হয়, উল্লাসিত হয় এবং আমরা চাই একটা আনন্দময় পরিবেশ তৈরি করতে। তিনি বলেন, আমরা চাই একটা বই উৎসব সারা দেশে তৈরি হোক এবং নতুন বই নিয়ে ছেলেমেয়েরা বাড়ি যাক। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
কাগজের মানের বিষয়ে তিনি বলেন, এটাই দেখছিলাম যে কাগজের মান ঠিক আছে কিনা। কাগজের মান ঠিক থাকলে বইয়ের মান ঠিক থাকবে। তারপর আমরা দেখছি যে ছাপার কোয়ালিটি ঠিক আছে কিনা, রঙের কাজটা প্রপারলি হয়েছে কিনা। কোন কোন বই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সেখানে আমাদের মনে হচ্ছে যে কালো রঙের একটু বেশি প্রয়োগ হয়েছে। তিনি বলেন, সেটা আমরা তাদেরকে বলেছি যে সেটা ঠিক করার জন্য।
অন্যান্য প্রেস পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শুধু আজকে এই প্রেসে না অন্যান্য প্রেসে যেখানে আমরা গিয়েছি সব জায়গায় আমরা কাগজের মান পরীক্ষা করে দেখেছি। তিনি বলেন, আমরা ছাপার মান বিশেষ করে রংগুলো নিখুঁতভাবে ফুটে উঠছে কিনা, ছবিগুলো, ইলাস্ট্রেশনগুলো নিখুঁতভাবে দেখা যাচ্ছে কিনা বা লেখাগুলা প্রপারলি পড়া যাচ্ছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখেছি বিভিন্ন জায়গায়।
কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কোথাও কোথাও আমরা কিছু কিছু অসঙ্গতি পেয়েছি। সেখানে আমরা তাদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেছি। আমরা এখন পর্যন্ত ছাপার মান, কাগজের মান নিয়ে মোটামুটি সন্তুষ্ট। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা নতুন বছর শুরুর আগেই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই পৌঁছে দিতে চাই।
আরটিভি/জেএমএ


