
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে ৭ থেকে ৮ কেজি ওজনের ঢালাইয়ের খণ্ড পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তার ঘাড়ের হাড় ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের নিচ দিয়ে অটোরিকশাটি যাওয়ার সময় ৭২ নম্বর পিলারের জোড়ার মধ্যবর্তী স্থান থেকে ঢালাইয়ের একটি খণ্ড খুলে যাত্রীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পঞ্চবটি-মুক্তারপুর সেতু প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, জোড়ার স্থানে থাকা একটি ব্লক সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু ঠিকাদারের অবহেলায় সেটি সরানো হয়নি। ওই ব্লকটি পড়ে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইওভারের অন্য কোথাও ফাটল রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
আরটিভি/এসআর



