ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি : আরটিভি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মাসিক ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধারা ভাতা পাবেন। তাছাড়া সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ হাতে নিয়েছে। আর যারা মুক্তিযোদ্ধা সেজে ভাতা খাচ্ছে তাদের বাদ দেওয়া হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। দেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের সভাপতি।

মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশের একাংশ দখলের ঘোষণা দিয়েছেন।

এ ধরনের বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তাদের উসকানিতে পা দেবে না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও কিংবা অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ: পার্বত্য মন্ত্রী
পাহাড়ে জুম চাষ ও দ্রুত পচনশীল ফসলের ওপর নির্ভরতা কমাতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ঘূর্ণায়মান তহবিল (রিভলভিং ফান্ড) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, এর মাধ্যমে চাষিরা স্বাবলম্বী হয়ে ঋণমুক্ত হবেন। একই সঙ্গে আগামী এক দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েকশ কোটি টাকা জমা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তহবিলের রূপরেখা তুলে ধরে সাচিং প্রু বলেন, এককালীন অনুদান বা ত্রাণের বদলে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে ফেরতযোগ্য তহবিলের ব্যবস্থা রাখা হবে। নীতিমালা অনুযায়ী আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ চাষিদের বাছাই করা হবে। কফি চাষে ছায়া লাগে বলে আম বা কলাবাগানের মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে প্রতি একরে প্রায় ১ হাজার ১৫০টি চারা লাগানো যায়। মন্ত্রী জানান, মে ও জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণের সময়সূচি ধরে চাষিদের তিন বছরের জন্য সমন্বিত সহায়তা দেওয়া হবে। রোপণের তিন বছর পর ফলন এলে পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে চাষিরা ঋণ শোধ করবেন। জুম চাষের পর জমি ফেলে চলে যাওয়ার প্রবণতা বদলে ভূমির প্রতি স্থায়ী মায়া তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কফিগাছ ৭০ থেকে ৮০ বছর টিকে থাকে। এটি দুই থেকে তিন প্রজন্মের আয়ের উৎস হতে পারে। মন্ত্রী জানান, রুমার সোমশং এলাকায় ৪০-৫০ বছরের পুরোনো গাছ থেকে এখনো গাছপ্রতি ১৫ থেকে ২০ কেজি কফি পাওয়া যাচ্ছে। খাগড়াছড়িতেও এমন নজির আছে। শুধু তা-ই নয়, গত বছর শুধু থানচিতেই ২৫ হাজার মণ কাজুবাদাম উৎপাদিত হয়েছে, যা পাহাড়ের অর্থনৈতিক সম্ভাবনাকে স্পষ্ট করে। তিনি বলেন, অনুর্বর বা ফাঁকা পাহাড়গুলোকে কীভাবে উৎপাদনশীল করা যায়, তা নিয়ে নিয়মিত ভাবনাচিন্তা চলছে। একই সঙ্গে বৈষম্যমুক্ত পরিবেশ গড়তে সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি ক্ষুদ্র জনগোষ্ঠীর অগ্রগতিও সমানভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনার ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল কাজে লাগিয়ে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ জন্য বোর্ডের ঐতিহ্যবাহী বাজেট বরাদ্দ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সভায় মন্ত্রী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ: পার্বত্য মন্ত্রী
আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 
উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) এসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 
আশুলিয়ায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকার আশুলিয়ার বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। এ ঘটনায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ নবীনগর ক্যাম্পের সদস্যরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ দেখতে পান। পরে তারা সেটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেন। রাত ১০টার পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায় ইউনিটের সদস্যরা। এ সময় আশুলিয়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। আরটিভি/টিআর
আশুলিয়ায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা
হামলার আশঙ্কায় জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। প্রতিষ্ঠানটির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এ অনুরোধমূলক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি এ আহ্বান জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকদের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পোস্টটির শেষে অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর একশ থেকে দেড়শ মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়েন। তারা অফিসের একটি কাচ ভেঙে ফেলেন এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেন। হামলার আশঙ্কায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছেন। তারা যদি কাজ করতে ভয় পান, তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না। তিনি আরও বলেন, আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে কাজ করা সম্ভব হবে না। কারণ, স্টাফরা বাইরে কাজ করেন। তারা কাজ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এই পোস্টটি করা হয়েছে। গত ১৯ নভেম্বরের ঘটনার পর বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানান তিনি। তবে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে সবাইকে সরে আসা উচিত। অন্যথায় সবাইকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। আরটিভি/টিআর
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত সুলতানা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন। বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রশাসকের এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্বজন ও পরিবারের সদস্যরা। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের ঘটনায় কেউ ছাড় পাবে না। এর আগে, গত ২৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর রোডে ‘মা ভিলা’ নামের বাড়িসহ একাধিক স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, বাড়ি ভাঙচুরের পাশাপাশি ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় পরিবারের অন্য সদস্যদের বাড়ি ও একটি বেকারিও ভাঙচুর করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৫২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরই ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির আবাসনসংকট বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তবে এটি কোনো ক্ষতিপূরণ নয়। বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বাড়িটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রায় ৪০ বছর ধরে বসবাস করা বাড়িটি হারিয়ে পরিবারটি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ঘর নির্মাণের ঘোষণাকে ঘুরে দাঁড়ানোর অবলম্বন হিসেবে দেখছেন তাঁরা। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িটি ভাঙচুরের ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন পুলিশের প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
আরও পড়ুন
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক