
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও রাতে হিমেল বাতাসে শীতের আগমনী বার্তা মিললেও দিনের বেলায় তীব্র রোদে অনুভূত হচ্ছে গরম। সকাল-রাতের ঠান্ডা আর দুপুরের গরমে আবহাওয়ার এমন বৈপরীত্যে কিছুটা অস্বস্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরবিন্দু। কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশারও। সন্ধ্যার পর ঠান্ডা বাড়ায় অনেকেই ব্যবহার করছেন গরম কাপড়। শীতের প্রস্তুতি হিসেবে ঘর থেকে বের করা হচ্ছে লেপ-কম্বল।
এদিকে, আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে মৌসুমি অসুস্থতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সারা দেশেই তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
আরটিভি/এসকে


