
শীতকালে ঠান্ডা আবহাওয়া ও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এ সময় নিয়মিত গোসলের পাশাপাশি অতিরিক্ত গরম পানি ব্যবহারও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করতে পারে। তবে শরীরে ঘাম বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া ত্বকের জন্য উপকারী হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্যবিষয়ক বিভাগ ‘হেলথ এসেনশিয়ালস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে শীতকালে গোসলের অভ্যাস ও ত্বকের যত্ন নিয়ে এমন পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের মতে, শীতের সময় পরিবেশের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি হারিয়ে যায়। পাশাপাশি শরীরের প্রাকৃতিক তেল উৎপাদনও কমে যায়। ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও সংবেদনশীল।
ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে পারে
শীতে এক দিন গোসল না করার অন্যতম উপকারিতা হলো, ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখার সুযোগ পাওয়া। এই তেল ত্বকের সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। প্রতিদিন গোসলের সময় সাবান ও পানি ব্যবহারে এই প্রাকৃতিক তেল কিছুটা কমে যেতে পারে।
তাই শরীরে ঘাম বা ময়লা না জমলে প্রতিদিন গোসল না করলেও সমস্যা নেই। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের ক্ষেত্রে অপ্রয়োজনে বারবার গোসল এড়িয়ে চলা উপকারী হতে পারে।
অতিরিক্ত গরম পানি বাড়ায় ত্বকের শুষ্কতা
শীতের দিনে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই। কিন্তু অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল দূর করে শুষ্কতা বাড়াতে পারে। এতে গোসলের পর ত্বকে টানটান ভাব, চুলকানি ও অস্বস্তি দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমিত রাখা এবং কুসুম গরম পানি ব্যবহার করা। এ ছাড়া গোসলের সময় শরীর অতিরিক্ত ঘষাঘষি করা থেকেও বিরত থাকা উচিত।
শীতে ত্বকে দেখা দিতে পারে চুলকানি ও র্যাশ
শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার পাশাপাশি ঘরের ভেতরে গরম রাখার ব্যবস্থাও ত্বকের আর্দ্রতা কমিয়ে দিতে পারে। এর সঙ্গে শরীরের প্রাকৃতিক তেল উৎপাদন কমে গেলে ত্বক আরও শুষ্ক হয়ে ওঠে।
এ সময় ত্বকে চুলকানি, খসখসে ভাব, লালচে র্যাশ এবং কখনো ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই শীতকালে গোসলের অভ্যাসের পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখার দিকেও নজর দেওয়া জরুরি।
গোসলের পর তিন মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের পরামর্শ, গোসল শেষে তোয়ালে দিয়ে শরীর আলতোভাবে মুছে ত্বক পুরোপুরি শুকানোর আগেই, সম্ভব হলে তিন মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার লাগাতে হবে।
এ ক্ষেত্রে সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। কারণ সুগন্ধিযুক্ত প্রসাধনী সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া, অস্বস্তি বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
শীতে গোসলের অভ্যাস কেমন হওয়া উচিত
শীতকালে প্রতিদিন গোসল করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। শরীরে ঘাম বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে। তবে পরিচ্ছন্নতার জন্য নিয়মিত হাত, মুখ, বগল, পা ও শরীরের প্রয়োজনীয় অংশ পরিষ্কার রাখা জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীতকালে গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে রাখা, কুসুম গরম পানি ব্যবহার করা, অতিরিক্ত সাবান ও ঘষাঘষি এড়িয়ে চলা এবং গোসলের পর দ্রুত ময়েশ্চারাইজার লাগানো উচিত।
অর্থাৎ শীতকালে গোসলের ক্ষেত্রে প্রতিদিনের অভ্যাসের চেয়ে ত্বকের অবস্থা, পরিচ্ছন্নতার প্রয়োজন এবং আবহাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আরটিভি/এসকে




