
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে সাজেক ইউনিয়নের শুকনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির দরজায় বসে মোবাইল ফোনে কথা বলছিলেন অরুণা চাকমা (৩০)। এ সময় হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সেনাবাহিনীর সহায়তায় তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গত কয়েক দিন ধরে সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। গতরাতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
এর আগে, মাচালং এলাকায় বিবদমান দু’পক্ষের গোলাগুলিতে কস্মিতা ত্রিপুরা নামে ৮ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় কোনো পক্ষই দায়িত্ব নেয়নি।
আরটিভি/এসকে



