
বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফেরি কর্তৃপক্ষ আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলীর পায়রা নদীতে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরি চলাচল করছে। রোববার রাত সাড়ে তিনটার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ফেরির পল্টনে যান। পরে তারা ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ভিআইপি ফেরির ইঞ্জিনের কভারে পেট্রোল ঢেলে দেন। এ সময় ফেরিতে থাকা ইজারাদারের প্রতিনিধি মো. আসলামের কক্ষের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে দেন তারা। বিষয়টি টের পেয়ে আসলাম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে আগুন না দিয়েই মোটরসাইকেলে করে পালিয়ে যান দুর্বৃত্তরা।
এ ঘটনায় ফেরির কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।
ফেরির খালাসি সায়েম জানান, রোববার রাত সাড়ে তিনটার দিকে ফেরিটি পল্টনে বেঁধে রেখে তিনি ঘুমাতে যান। এ সময় একটি মোটরসাইকেল ফেরির পল্টনে এসে থামে। পরে দুর্বৃত্তরা ইজারাদারের প্রতিনিধি আসলামের কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দিয়ে ইঞ্জিনের কভারে আগুন দেওয়ার উদ্দেশ্যে পেট্রোল ঢালে। আসলামের চিৎকার শুনে লোকজন ছুটে এলে তারা মোটরসাইকেলে পালিয়ে যান।
ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, দুর্বৃত্তরা ফেরিতে আগুন দেওয়ার উদ্দেশ্যে পেট্রোল ঢেলেছিল। তবে ইজারাদারের প্রতিনিধি আসলাম বিষয়টি টের পাওয়ায় তারা আগুন দিতে পারেনি।
বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম বলেন, ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলেছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরটিভি/এমএইচজে


