
বিনিয়োগের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি রপ্তানিমুখী ইপিজেড (EPZ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চট্টগ্রাম-০২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে সংসদ সদস্য সরোয়ার আলমগীর এ দাবি জানান। একই সঙ্গে উপজেলার অর্থনৈতিক সম্ভাবনা সরেজমিনে যাচাইয়ের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর একটি উচ্চপর্যায়ের কারিগরি টিম প্রেরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, প্রায় ৭৭৪ বর্গকিলোমিটার এলাকা এবং ১০ লক্ষাধিক মানুষের বসবাসকারী ফটিকছড়ি উপজেলা প্রাকৃতিক সম্পদ, কৃষি উৎপাদন, চা ও রাবার শিল্প এবং পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামের নিকটবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটি একটি অত্যন্ত সম্ভাবনাময় বিনিয়োগ এলাকা।
তিনি উল্লেখ করেন, ফটিকছড়িতে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চা ও রাবারভিত্তিক শিল্প, হালকা প্রকৌশল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনের বিপুল সুযোগ রয়েছে। এই বিদ্যমান অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগণের কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই সেখানে একটি রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা করা জরুরি।
স্পিকারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীর সহযোগিতা কামনা করে এমপি সরোয়ার আলমগীর আরও বলেন, বিডার মাধ্যমে ফটিকছড়িকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা প্রয়োজন। এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগ খাত চিহ্নিতকরণ, বিনিয়োগকারীদের জন্য তথ্যভিত্তিক প্রোফাইল প্রস্তুত এবং বিশেষ রোডশো বা বিনিয়োগ সভা আয়োজন করা দরকার।
সংসদ সদস্য আশা প্রকাশ করেন, বিডার সক্রিয় অংশীদারিত্ব এবং সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফটিকছড়িতে নতুন বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি করবে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে তিনি অবিলম্বে বিডার একটি প্রতিনিধিদলকে ফটিকছড়ি পরিদর্শনে পাঠানোর জন্য সংশ্লিষ্ট মহলের ব্যক্তিগত সহযোগিতা ও সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
আরটিভি/এমএইচজে




