ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ১০০ লাউয়ে মিলছে না এক কেজি গরুর মাংস

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খালিসা কালোয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক রিয়াজুল ইসলামের ক্ষেত থেকে তোলা। ছবি: আরটিভি

কুড়িগ্রামের গ্রামাঞ্চলে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। অথচ শহরের খুচরা বাজারে একই লাউয়ের দাম ২৫ থেকে ৩৫ টাকা। এত কম দামে লাউ বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের পরিবহন খরচ ও শ্রমিকের মজুরিও উঠছে না। ১০০ লাউ বিক্রি করেও মিলছে না এক কেজি গরুর মাংসের দাম।

লাভের আশায় আবাদ করা লাউ এখন অনেকের কাছে হয়ে উঠেছে লোকসানের বোঝা। পুঁজি হারিয়ে কেউ ঋণগ্রস্ত, কেউ আবার পরের ফসল আবাদ নিয়েও পড়েছেন অনিশ্চয়তায়।

সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে লাউয়ের গাছ। গাছে গাছে ঝুলছে অসংখ্য লাউ। ফলনও হয়েছে বেশ। কিন্তু সেই ভালো ফলনই যেন কৃষকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ক্ষেত থেকে লাউ তুলে বাজারে নেওয়ার খরচই উঠছে না। কচি লাউয়ের কিছুটা দাম মিললেও একটু পরিপক্ব হলেই ক্রেতা পাওয়া কঠিন। ফলে ক্ষেতেই পড়ে থেকে পচছে লাউ। কেউ পরিচর্যা বন্ধ করে দিয়েছেন, কেউ রাগ-ক্ষোভে বাগান
কেটে ফেলছেন। পাকা লাউ পড়ে থাকছে জমিতে; শেষ পর্যন্ত সেগুলোর ঠাঁই হচ্ছে গবাদিপশুর খাবার হিসেবে।

কৃষকদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে লাউয়ের এমন মূল্য বিপর্যয় তাঁরা দেখেননি। চড়া দামে জমি ভাড়া নিয়ে বীজ, সার, কীটনাশক ও মাচা তৈরিতে টাকা ঢেলেছেন। ভালো ফলন দেখে মনে হয়েছিল এবার হয়তো লাভের মুখ দেখবেন। কিন্তু বাজারে গিয়ে সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খালিসা কালোয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম বলেন, ১৫ শতক জমিতে লাউ চাষে খরচ করেছেন প্রায় ১৫ হাজার টাকা । জমি চাষ থেকে শুরু করে চারা, সার, কীটনাশক ও মাচা তৈরিতে এই টাকা খরচ হয়েছে। অথচ এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র ২০০০ টাকা।

আফজাল হোসেন বলেন, ‘ভাবছিলাম লাউয়ের ফলন ভালো হয়েছে, এবার হয়ত আগের ক্ষতি পুষিয়ে নিতে পারব। কিন্তু বাজারে গিয়ে দেখি লাউয়ের কোনো দামই নেই।’ কয়েকদিন আগে জিয়া বাজারের আড়তে ৩৬টি লাউ বিক্রি করেছি মাত্র ১১০ টাকায়।

তার ভাষ্য, ওই টাকা দিয়ে কোনোমতে পরিবহন খরচ মিটলেও বাজারে যাওয়া-আসার খরচ আলাদা করে গুনতে হয়েছে। তিনি মনে করেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় লাউয়ের আবাদ বেড়েছে। ফলে বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম পড়ে গেছে।

কাঁঠালবাড়ি এলাকার কৃষক খন্দকার এনামুল হক জানান, ৮০ শতক জমিতে লক্ষাধিক টাকা খরচ করে লাউ চাষ করেছেন। এ পর্যন্ত বিক্রি করে পেয়েছেন মাত্র চার হাজার টাকা।

তিনি বলেন, ‘ক্ষেতে লাউ দেখে মনে হয়েছিল এবার ভালো কিছু হবে। এখন সেই লাউই যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।’ পাইকারি বাজারে ৪-৫ টাকায় লাউ বিক্রি করতে হচ্ছে। এতে পরিবহন খরচ তোলাই কঠিন। তাই সড়কের পাশে লাউ তুলে রেখে প্রতি পিস ৫ টাকা দরে বিক্রি করছেন। পথচারীরা কিছু কিনলেও চাহিদা কম থাকায় অনেক লাউ অবিক্রীত থেকে পচে যাচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে এনামুল বলেন, ‘আমার পুঁজি সব শেষ। ধারদেনা আছে। তিন সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। লাউয়ের ফলন ভালো হয়েছে, কিন্তু সেই ফলনই আমার সর্বনাশ করে দিল। আমার কী হবে জানি না।’

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের কৃষক বাবুল মিয়াও পড়েছেন একই বিপাকে। গত বছর জমিতেই প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতায় এবার ভালো দামের আশায় ৩০ শতক জমিতে লাউ চাষ করেন। কিন্তু এখন লাউয়ের ক্রেতাই পাওয়া যাচ্ছে না।
বাবুল মিয়া বলেন, ‘গত বছর যে লাউ বিক্রি করে লাভ পেয়েছি, এবার সেই লাউয়ের দাম নিয়ে বাজারে বসে থাকতে হচ্ছে। লাউ বিক্রি করে পরের আবাদে টাকা তুলব ভেবেছিলাম। এখন নিজের খরচই উঠছে না।’

একই গ্রামের সুরুজ মিয়াসহ অনেক কৃষকেরও একই অবস্থা।

কৃষকরা জানান, প্রতি একর জমি প্রায় ৪০ হাজার টাকা ভাড়ায় নিয়ে চাষ করতে হয়েছে। এর সঙ্গে বেড়েছে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ। ফলে বর্গাচাষিদের অনেকেই এখন ঋণের চাপে পড়েছেন। অনেকে লাউ বিক্রি করে আগাম আলু চাষের প্রস্তুতি নেওয়ার কথা ভাবলেও পুঁজি ফুরিয়ে যাওয়ায় সেই সুযোগও হারাচ্ছেন।

তবে লাউয়ের দাম কমার কারণ নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে।

রাজারহাট বাজারের খুচরা ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘আগাম লাউ বাজারে আসায় পুরোনো গাছের লাউয়ের চাহিদা কমে গেছে। তাই পুরোনো লাউয়ের দামও কম। তবে আগাম লাউয়ের চাহিদা ও দাম দুটোই বেশি।’

কৃষি বিভাগও বলছে, গত বছর লাউয়ের দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা বেশি পরিমাণে লাউ চাষ করেছেন। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে বেশি। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

রাজারহাট বাজারে ইউনুস আলী নামে একজন ক্রেতা বলেন,পাইকারদের কারসাজি এবং বাজার মনিটরিংয়ের সঠিক ব্যবস্থাপনা থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। নতুন- পুরাতন গাছের লাউ বলে কিছু নয়। মূলত বাজারে পুরাতন গাছের কচি লাউ এবং আগাম লাউ একই দামে ৩০ থেকে ৩৫ টাকা হিসেবে বিক্রি হয়, সঠিক দাম শুধু পান না কৃষকরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর ভালো দাম পাওয়ায় এবার লাউয়ের আবাদ বেড়েছে। এতে বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। ভালো দাম পেতে কৃষকদের আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন করে আসা আগাম শীতকালীন লাউয়ের দাম ও চাহিদা তুলনামূলক ভালো বলেও জানান তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কোনো কাজ না থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিত, যাকে স্থানীয় ভাষায় বলা হতো ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির চরম সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়ত, বেঁচে থাকতে হতো চরম কষ্টের মধ্যে।
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
জয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশ
জয়পুরহাটে আলুর বাজারে অব্যাহত দরপতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে আলু। এতে লোকসানের আশঙ্কায় হিমাগার থেকে আলু উত্তোলন করছেন না অনেকে। জেলার ২২টি হিমাগারে সংরক্ষিত আলুর প্রায় ৪৫ শতাংশ এখনো পড়ে রয়েছে। আগামী ১৫ নভেম্বর সংরক্ষণ মেয়াদ শেষ হওয়ার আগে আলু বিক্রি করতে না পারলে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের বড় ধরনের লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
জয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশ
প্রাণিসম্পদ পণ্য রপ্তানি ছয় মাসে বেড়েছে ২১৭ শতাংশ
এ বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে দেশের গবাদিপশু পণ্যের রপ্তানি ২১৭ শতাংশ বেড়ে ১০৪.৬৪ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের ছয় মাসে, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই রপ্তানির পরিমাণ ছিল ৩২.৯৯ লাখ মার্কিন ডলার। প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, দেশে মাংস ও ডিমের উৎপাদন জাতীয় চাহিদাকে ছাড়িয়ে গেছে। ফলে মাথাপিছু সরবরাহের পরিমাণ এখন ন্যূনতম পুষ্টি চাহিদার চেয়েও বেশি। দেশে বর্তমানে বছরে প্রায় ৯০.৭০ লাখ টন মাংস এবং ২ হাজার ৫০৯.৪১ কোটি ডিম উৎপাদিত হয়। এর বিপরীতে বছরে আনুমানিক ৭৮.১৪ লাখ টন মাংস এবং ১ হাজার ৮৫৫.৩৬ কোটি ডিমের চাহিদা রয়েছে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে দুধের উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। উৎপাদন বাড়ার কারণে বর্তমানে প্রতিদিন মাংস পাওয়া যাচ্ছে মাথাপিছু ১৩৯.২৯ গ্রাম, যা ন্যূনতম ১২০ গ্রামের চাহিদার চেয়ে বেশি। বর্তমানে বাৎসরিক মাথাপিছু মাংসের প্রাপ্যতা ৫০.৮৪ কেজি, যেখানে ন্যূনতম চাহিদা ৪৩.৮ কেজি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, বাৎসরিক মাথাপিছু মাংস খরচের পরিমাণ মাত্র ১৪ কেজি। একইভাবে, বাৎসরিক মাথাপিছু ডিমের প্রাপ্যতা ১৪০টি ছাড়িয়ে গেছে, যেখানে চাহিদা প্রায় ১০৪টি। ২০১৬-১৭ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এই এক দশকে মাংস ও ডিমের উৎপাদন যথাক্রমে ২৬.৭৮ শতাংশ এবং ৬৮.০৪ শতাংশ বেড়েছে। মাংস উৎপাদনের প্রায় ৪০ শতাংশই আসে ব্রয়লার মুরগি থেকে, যা এখন জাতীয় চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে ডিমের উৎপাদনও জাতীয় চাহিদা পূরণের পর্যায়ে পৌঁছেছে। গত এক দশকে দুধের উৎপাদন ৬৯.৭১ শতাংশ বেড়ে প্রায় ১৫৭.৫৩ লাখ টনে পৌঁছালেও, তা এখনো বছরে ১৬২.৭৯ লাখ টনের বার্ষিক চাহিদার চেয়ে কম। প্রতিদিন মাথাপিছু দুধের প্রাপ্যতা প্রায় ২৪১ মিলিমিটার, যেখানে আনুমানিক চাহিদা ২৫০ মিলিমিটার। ২০২৫-২৬ অর্থবছরে মাংসের উৎপাদন পূর্ববর্তী অর্থবছরের ৮৯.৫৪ লাখ টন থেকে ১.১৬ লাখ টন বেড়ে ৯০.৭০ লাখ টনে দাঁড়িয়েছে। ডিমের উৎপাদনও ২.৮৩ শতাংশ বেড়ে ২ হাজার ৪৪০.৬৫ কোটি থেকে ২ হাজার ৫০৯.৪১ কোটি পিসে পৌঁছেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বাসস-এর সঙ্গে আলাপকালে এই উৎপাদন বৃদ্ধির পেছনে সরকারের নীতিগত সহায়তা, উদ্যোক্তা তৈরি এবং গরু ও পোল্ট্রির জাত উন্নয়নকে মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার সব পর্যায়ে অ্যান্টিবায়োটিক-মুক্ত উৎপাদন নিশ্চিত করার প্রচেষ্টাও এই খাতের অগ্রগতিতে ভূমিকা রেখেছে। রপ্তানি পরিস্থিতির বিষয়ে শাহজামান জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) গবাদিপশু পণ্য রপ্তানি করে ১৫৪.৪৭ লাখ মার্কিন ডলার বা ১৯৩.০৮ কোটি টাকা আয় হয়েছে। যেখানে পুরো ২০২৫-২৬ অর্থবছরে আয়ের পরিমাণ ছিল ৮২.০৬ লাখ মার্কিন ডলার বা ১০২.৫৭ কোটি টাকা। তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর পণ্যের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) প্রয়োজনীয়তা পূরণ, হিমাগার সুবিধার উন্নয়ন এবং রপ্তানি মূল্য প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে সংস্থাটি কাজ চালিয়ে যাচ্ছে। এই ধারা চলমান রাখতে নতুন নতুন রপ্তানি বাজার খোঁজার কাজও চলছে। এই খাতের উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, দেশের গবাদিপশু উৎপাদন বর্তমান স্তরের চেয়ে অন্তত তিন গুণ বাড়ানো প্রয়োজন।      তিনি বলেন, বাংলাদেশের মানুষ বছরে গড়ে ১৪০টির মতো ডিম খায়, অথচ উন্নত দেশগুলোতে এই সংখ্যা প্রায় ৪০০। বাংলাদেশে মুরগির মাংস খাওয়ার হারও উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম গবাদিপশু পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, প্রধানত অদক্ষ উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশে মাংস, দুধ ও ডিমের দাম প্রতিবেশী ভারতের চেয়ে বেশি। তিনি তৃণমূল উদ্যোক্তাদের সহায়তা দিতে এবং কর্পোরেট গোষ্ঠী যাতে বাজার নিয়ন্ত্রণ বা দাম কারসাজি করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। পশুপালন, দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের মধ্যে আধুনিক যন্ত্রপাতির বিস্তৃত বিতরণের তাগিদ দেন। এর মধ্যে রয়েছে মিল্কিং মেশিন, ঘাস কাটার যন্ত্র, ট্রাক্টর, খড় কাটার যন্ত্র, মিল্ক ক্যান, ক্রিম সেপারেটর ও পাস্তুরাইজেশন প্ল্যান্ট। ড. আলম বলেন, কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় যান্ত্রিকীকরণ এখন অপরিহার্য হয়ে পড়েছে। প্রতিটি খামারকে আধুনিক উৎপাদন ইউনিট হিসেবে গড়ে তোলা উচিত। বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. শহিদুল হক কৃষি খাতের মতো গবাদিপশু খামারিদেরও প্রণোদনা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি পশু শনাক্তকরণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা চালু, প্রাণিসম্পদ নীতি ও আইন আরও শক্তিশালী করা এবং প্রান্তিক খামারিদের সুরক্ষায় বিমা সুবিধার ওপর গুরুত্ব দেন।  গবেষণা এবং বিদেশ থেকে উপযুক্ত জাতসহ উচ্চফলনশীল ও সংকর জাত আনার মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়নের পরামর্শ দেন তিনি। ড. হক বলেন, খামারি ও ভোক্তা উভয় পক্ষ যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকারের একটি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা এবং মধ্যস্বত্বভোগীদের দাপট কমানো উচিত। বিপণন চ্যালেঞ্জ মোকাবিলা এবং খামারিদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে একটি প্রাণিসম্পদ বিপণন বিভাগ গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, বছরে প্রায় এক শতাংশ হারে কৃষিজমি অকৃষি খাতে চলে যাওয়া সত্ত্বেও বাংলাদেশে গবাদিপশু উৎপাদন সম্প্রসারণের এখনো যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, গ্রামীণ পরিবারগুলো ব্রয়লার, লেয়ার, গরু, ছাগল ও ভেড়া পালন করে এই খাতের প্রসারে অবদান রাখতে পারে। যা মাংস, দুধ ও ডিমের রপ্তানি সম্ভাবনা নতুন খামার গড়ে তুলতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করবে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১.৮১ শতাংশ এবং কৃষি জিডিপিতে এর অবদান ছিল ১৬.৫৬ শতাংশ। দেশের প্রায় ৪৩.৬৪ শতাংশ পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে যুক্ত। দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ প্রত্যক্ষভাবে এবং প্রায় ৫০ শতাংশ পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য সম্মিলিতভাবে ৪৩,৩৫৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ০.৬৩ শতাংশ। আরটিভি/এসআর  
প্রাণিসম্পদ পণ্য রপ্তানি ছয় মাসে বেড়েছে ২১৭ শতাংশ
মেঘনার বুকের নতুনচরে সম্ভাবনার হাতছানি
বাংলাদেশের সর্ব দক্ষিণে মেঘনার বুকে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। এটি ১৯৮৩ সালে উপজেলা হিসেবে স্বীকৃতি পেলেও এই অঞ্চলের রয়েছে তিন হাজার বছরেরও বেশি ইতিহাস। নদী ভাঙন- যেমন এই জনপদের নিত্য সঙ্গী তেমনি নদীর বুকে জেগে ওঠা নতুন নতুন চরগুলো উঁকি দিচ্ছে সম্ভাবনার বার্তা নিয়ে। গত চার দশকে দ্বীপ উপজেলাটির চারপাশে মেঘনার বুকে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩শ’র ও বেশি চর জেগেছে। এরইমধ্যে ১ লাখ ৬৪ হাজার একর চরাঞ্চলের জমি ভূমি মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়েছে।
মেঘনার বুকের নতুনচরে সম্ভাবনার হাতছানি
তাহিরপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, প্রণোদনার বীজ-সার নিয়ে ক্ষোভ
দেশের অন্যতম বৃহৎ হাওরাঞ্চল সুনামগঞ্জের তাহিরপুরে শুরু হয়েছে বোরো মৌসুমের বীজতলা তৈরির কাজ। বর্ষায় পানিতে থইথই করা হাওরের বিস্তীর্ণ বুকে শুষ্ক মৌসুমে ফলবে সোনালি ধান। বছরের একমাত্র প্রধান ফসল বোরো ধানকে ঘিরেই আবর্তিত হয় এখানকার কৃষকদের জীবন জীবিকা। তবে গত মৌসুমে জলাবদ্ধতা ও ধানের গুণগত মানের অবনতিতে ব্যাপক লোকসানের মুখে পড়েছিলেন কৃষকরা। সেই ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় এবার আগেভাগেই বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। তবে কৃষি প্রণোদনার আওতায় সঠিক সময়ে বীজ ও সার না পাওয়ায় ক্ষোভ রয়েছে কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, অনেক সময় বীজতলা তৈরির কাজ শেষ হওয়ার পর কৃষি অফিস থেকে বীজ ও সার দেওয়া হয়। ফলে এসব সরকারি সহায়তা কাজে না এসে নষ্ট হচ্ছে।
তাহিরপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, প্রণোদনার বীজ-সার নিয়ে ক্ষোভ
আরও পড়ুন
৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ
হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও নেই ক্রেতা
বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
কুড়িগ্রামে অসহায় শ্রমিকের পাশ দাঁড়াল নির্মাণ শ্রমিক ইউনিয়ন