
কুষ্টিয়া শহরে বাসার সামনে দাঁড়িয়ে কলবেল চাপার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাত রয়েছে।
জানা গেছে, স্কুলে নির্বাচনি পরীক্ষা শেষে বাসায় ফিরে ভবনের নিচে কলবেল চেপে জন্য অপেক্ষা করছিল ওই ছাত্রী। এ সময় পেছন থেকে এসে এক কিশোর তাকে একের পর এক ছুরিকাঘাত করে। আত্মরক্ষায় হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করে সে। একপর্যায়ে চিৎকার করতে করতে সড়কে লুটিয়ে পড়ে। প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।
আহত ১৫ বছর বয়সী ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। পরিবারের সঙ্গে থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় বসবাস করে তারা। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরে।
প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসাইন জানান, হামলার সময় তার বোন বারান্দা থেকে চিৎকার করলে তিনি বাইরে ছুটে যান। তখন এক কিশোরকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করতে দেখেন। পরে মেয়েটির মা নিচে নেমে এলে স্থানীয়রা রিকশায় করে তাকে হাসপাতালে পাঠান।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে থানায় নেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ছাত্রীর হাতে দুটি গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত, তবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মেয়েকে কেউ উত্ত্যক্ত করত কি না, সে বিষয়েও কিছু জানেন না বলে জানিয়েছেন তার বাবা।
আরটিভি/এমএইচজে




