ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম
ছবি: আরটিভি

ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর জাটকা সংরক্ষণে নানা কর্মসূচি নেয় সরকার। জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। অথচ এসব বিধিনিষেধের তোয়াক্কা না করে ফরিদপুরের সদরপুরে প্রকাশ্যেই হাঁকডাক দিয়ে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ।

উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চর বলাশিয়া ঘাটে আড়িয়াল খাঁ নদের পাড়ে এবং আকোটেরচর ইউনিয়নের আকোট কালিখোলা বাজারের পদ্মা নদীর পাড়ে প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত চলে এ বেচাকেনা। স্থানীয়দের অভিযোগ, মৎস্য দপ্তরের কার্যকর তদারকি ও নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে বাজার দুটিতে জাটকা বিক্রির এমন চিত্র দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা ও আড়িয়াল খাঁ নদে সারা রাত মাছ ধরার পর ভোরে নদীর পাড়ের বাজার দুটিতে মাছ নিয়ে আসেন জেলেরা। অন্যান্য দেশি প্রজাতির ছোট-বড় মাছের সঙ্গে জালে ধরা পড়ে জাটকা ইলিশও। পরে চর বলাশিয়া পাকা মসজিদ ঘাটে গড়ে ওঠা তিনটি এবং আকোট কালিখোলা বাজারের আরও তিনটি মাছের আড়তে এসব মাছ বিক্রি করা হয়। আড়তগুলোতে ক্রেতাদের উপস্থিতিতে চলে প্রকাশ্য দরদাম ও বেচাকেনা। জাটকা বিক্রি নিষিদ্ধ হলেও অনেকটা নির্বিঘ্নেই তা বিক্রি করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে বাজার দুটিতে গিয়ে জাটকা ইলিশ বিক্রির দৃশ্য দেখা যায়। ছোট আকারের ইলিশ নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁকডাক দিচ্ছেন বিক্রেতারা। ক্রেতারাও দরদাম করে কিনছেন এসব মাছ। দুই বাজারের ছয়টি আড়তেই দেশি প্রজাতির বিভিন্ন মাছের সঙ্গে বিক্রি হচ্ছে জাটকা। অথচ গত ১ নভেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছে জাটকা আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুতের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। এরপরও সদরপুরের বাজার দুটিতে নিষেধাজ্ঞার কোনো কার্যকর প্রভাব চোখে পড়েনি।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজার দুটির ছয়টি আড়তের কয়েকজন অংশীদার জেলেদের দাদন দিয়ে মাছ ধরার কাজে যুক্ত করেন। জাল, নৌকা ও মাছ ধরার প্রয়োজনীয় অর্থের জোগানও দেন কেউ কেউ। বিনিময়ে জেলেদের এসব আড়তেই মাছ বিক্রি করতে হয়। মাছ বিক্রির টাকা থেকে নির্ধারিত সময়ে দাদনের অর্থ পরিশোধ করতে হয়। ফলে জেলে ও আড়তদারদের মধ্যে গড়ে উঠেছে ঋণ ও মাছ বিক্রিনির্ভর সম্পর্ক। স্থানীয়দের অভিযোগ, এ ব্যবস্থার কারণে মাছ আহরণ ও বিক্রির পুরো প্রক্রিয়ায় আড়তদারদের প্রভাব রয়েছে। জাটকা বিক্রি বন্ধে আড়তগুলোতে নিয়মিত তদারকি না থাকায় এ বাণিজ্য থামছে না।

স্থানীয়দের প্রশ্ন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাজার দুটিতে প্রকাশ্যে জাটকা বিক্রি হলেও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না কেন? ছয়টি আড়তে নিয়মিত মাছ কেনাবেচা হলে সেখানে মৎস্য বিভাগের নজরদারি থাকার কথা। অথচ নিষেধাজ্ঞা শুরুর পরও জাটকা বিক্রি বন্ধে কোনো অভিযান বা জব্দের ঘটনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন ব্যক্তিরা। তাদের মতে, শুধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, জাটকা কেনাবেচার সঙ্গে জড়িত আড়তদার ও ক্রেতাদেরও আইনের আওতায় আনতে হবে।

নিষেধাজ্ঞা শুরুর পরও প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাজার দুটিতে প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে। এরপরও মৎস্য বিভাগের কার্যকর নজরদারি ও অভিযান না থাকায় দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা শুধু অভিযান পরিচালনার আশ্বাস নয়, নিষিদ্ধ জাটকা বিক্রির সঙ্গে জড়িত জেলে, আড়তদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জেলে খোকন বলেন, ‘সারা রাত নদীতে মাছ ধরি। ভোরে আড়তে এনে বিক্রি করি। এখন মাছ কিছুটা কম পাওয়া যায়। তবে জাটকা ও অন্যান্য মাছ বিক্রি করে দাম ভালো পাওয়া যায় বলে পুষিয়ে যায়। এখানে প্রতিদিন অনেক ক্রেতা আসেন। বিশেষ করে প্রবাসীরা নদীর পাড় থেকে টাটকা মাছ কিনতে আগ্রহী। ছোট ইলিশের চাহিদাও রয়েছে।’

জাটকা কেনার বিষয়ে এক ক্রেতা বলেন, ‘বড় ইলিশের দাম অনেক বেশি। সবার পক্ষে বড় ইলিশ কেনা সম্ভব হয় না। তাই কম দামে ইলিশের স্বাদ নিতে ছোট মাছ কিনি। নদীর পাড়ে টাটকা মাছ পাওয়া যায়, দামও তুলনামূলক কম। এ কারণে এখান থেকে জাটকা কিনে নিয়ে যাই। ৪ শত থেকে ৫ শত টাকা কেজি দরে পাওয়া যায় এসব জাটকা ইলিশ’।

এ বিষয়ে আড়ত মালিকদের সাথে কথা বলতে গেলে তারা কেও কথা বলতে রাজি হয়নি।

মৎস্য অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলা হয়। ইলিশের জীবনচক্রে এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বয়সে মাছগুলো নির্বিঘ্নে বেড়ে ওঠার সুযোগ পেলে পরবর্তী সময়ে পূর্ণবয়স্ক ইলিশে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে নতুন ইলিশের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। কিন্তু বড় হওয়ার আগেই জাটকা ধরে বাজারজাত করা হলে ইলিশের প্রাকৃতিক উৎপাদন ও ভবিষ্যৎ মজুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা আহরণে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ শুধু জেলেদের জাটকা ধরা নয়, আড়তদারদের কাছে রাখা, পরিবহন করা কিংবা ক্রেতাদের কেনাও আইনত অপরাধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এর আগে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশের ডিম থেকে উৎপন্ন পোনা নদ-নদী ও মোহনায় বেড়ে ওঠার সুযোগ পায়। মৎস্যবিজ্ঞানীদের মতে, এসব পোনা পাঁচ থেকে আট মাস পর্যন্ত উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করে। এ সময় জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব। অথচ নিষেধাজ্ঞা শুরুর এক সপ্তাহের মধ্যেই সদরপুরের বাজার দুটিতে প্রকাশ্যে জাটকা বিক্রির এমন চিত্র সংরক্ষণ কার্যক্রমের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে।

সংশ্লিষ্টদের মতে, জাটকা নিধন বন্ধ করতে হলে নদীতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাছের ঘাট, আড়ত ও বাজারে নজরদারি বাড়ানো জরুরি। জেলেদের সচেতন করার পাশাপাশি বিক্রেতা, আড়তদার ও ক্রেতাদের বিরুদ্ধেও আইন প্রয়োগ করতে হবে। তা না হলে নদীতে জাটকা ধরা বন্ধের উদ্যোগ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, ‘জাটকা সংরক্ষণে সরকারের নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় ছোট ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
খুলনার বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আজ থেকে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। 
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি  মাদরাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে।
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
আরও পড়ুন
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে
পচা ইলিশ নিয়ে ঘাটে শতাধিক ট্রলার, ঘটনা কী
চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড