
ভোলার লালমোহনে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ করা প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশের বিতরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। তবে বাকি মাছের সুনির্দিষ্ট হিসাব না পাওয়ায় তা কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ওয়েস্ট্রানপাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ও খুলনা রুটের যাত্রীবাহী চাকলাদার পরিবহন এবং মিমজাল পরিবহন থেকে এসব জাটকা জব্দ করা হয়।
লালমোহন উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মাছ চরফ্যাশনসহ বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছিল বলে জানা গেছে। অভিযানের বিষয়ে তথ্য জানতে এর আগে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমে এ অভিযান প্রকাশ করতে চান না বলে জানান। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অভিযানে প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী জব্দ করা মাছ এতিমখানা ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের কথা থাকলেও বিতরণের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। সেই হিসাবে জব্দ করা মোট ৬৫০ কেজি মাছের মধ্যে প্রায় ৩৫০ কেজির বিতরণ বা ব্যবস্থাপনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মৎস্য বিভাগ (ক্ষেত্র সহকারী রাজস্ব) কর্মকর্তা মোস্তফা মনোয়ার আলী বলেন, জব্দ করা মাছ কোস্টগার্ডের সহযোগিতায় বিতরণ করা হয়েছে। ১৫টি এতিমখানায় মাছ বিতরণের কথাও জানান তিনি। তবে বাকি মাছের হিসাব জানতে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করতে বলেন এ কর্মকর্তা।
অন্যদিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আকাশ বলেন, জব্দ করা মাছ মৎস্য বিভাগ বিতরণ করেছে। কোস্টগার্ড সহযোগী হিসেবে কাজ করেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগীদের মধ্যে নামমাত্র মাছ বিতরণ করে বাকি মাছ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এ অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
জব্দ করা মাছের মোট পরিমাণ, বিতরণের তালিকা, সুবিধাভোগীদের সংখ্যা এবং অবশিষ্ট মাছের ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, জব্দ করা মাছ বিতরণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
আরটিভি/এমএইচজে


