
জাতীয় অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলনের মহান নেতা, অবিসংবাদিত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে রাঙামাটি লংগদু উপজেলা জনসংহতি সমিতির উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শেষে উপজেলা কাঁঠালতলাস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু উপজেলা শাখার সভাপতি শ্রী সুশীল জীবন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী নরেশ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-আইন বিষয়ক সম্পাদক শ্রী প্রীতিময় চাকমা, খাগড়াছড়ি জেলা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শ্রী প্রত্যয় চাকমা (জুকি) এবং রাঙামাটি জেলা কমিটির সদস্য অলঙ্গ লাল। এছাড়া জনসংহতি সমিতির উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা স্মরণসভায় অংশ নেন।
সভার শুরুতে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার আত্মত্যাগ ও রাজনৈতিক দর্শন পার্বত্য অঞ্চলের মানুষের আত্মপরিচয় ও অধিকার আদায়ের আন্দোলনের মূল প্রেরণা। তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম পাহাড়ি জনগণের সাংবিধানিক স্বীকৃতি ও ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এক চিরন্তন মাইলফলক হয়ে থাকবে। তিনি পাহাড়ি অঞ্চলের অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং অধিকার আদায়ের আন্দোলনে আজীবন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আরটিভি/এমএইচজে


