
রাজবাড়ীতে যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
পরিবারের অভিযোগ, স্থানীয় আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়। এমনকি বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়।
সাংবাদিক রবিন বলেন, স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়ির টিভি, ফ্রিজ, আসবাব সব ভাঙচুর করে আমার বাবা-মা, বোন, ভাবিকে পিটিয়েছে। বাড়ির বাইরে ফাঁকা গুলি করেছে। এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ জানা যায়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। তদন্তসাপেক্ষে ঘটনার আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরটিভি/এমএ




