
মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের ড্রিম গার্ল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হরিরামপুর উপজেলার বলড়া এলাকার মিন্টু বেকারিকে ১৫ হাজার টাকা এবং গৌতম বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার আইনে চার প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে৷ তারা যদি পরিবর্তন না হয়, তাহলে ভবিষ্যতে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এসএস


