
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই পক্ষের মারামারি দেখতে গিয়ে হামলার শিকার হয়ে মো. সোহাগ মিয়া (৩২) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। নিহত সোহাগ মিয়া সদর উপজেলার এলেম মিয়া ছেলে এবং তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোবারক ও হানিফ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মজলিশপুর ইউনিয়নের মঈন বাজারের পূর্ব পাশে বেপারহাটি এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ সময় সোহাগ মিয়া তৃতীয় পক্ষ হিসেবে সেখানে মারামারি দেখতে গেলে হানিফ পক্ষের লোকজন তার ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
পরে বিকেল সাড়ে ৬টার দিকে অভিযুক্ত হানিফ পক্ষের লোকজনই আহত সোহাগকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে ভর্তির সময় তার প্রকৃত পরিচয় গোপন করে ভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করা হয়।
হাসপাতালের টিকেটে তার নাম ‘সোহাগ মিয়া’র পরিবর্তে ‘আব্দুল’, বয়স ৩৫ বছর এবং পিতার নাম জিন্নাত আলী উল্লেখ করা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ঢাকায় রেফার করেন। রাতে ঢাকায় নেওয়ার পথে পাঁচদোনা এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই রাকিব জানান, সোহাগ চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করতেন। অন্য একটি প্রতিষ্ঠানে চাকরির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ৩-৪ দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন। তার ভাই মাদক ব্যবসা কিংবা কোনো ধরনের মারামারির সঙ্গে জড়িত ছিলেন না বলে তিনি দাবি করেন। হানিফ তার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার নাকি মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসআর




