
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ আয়োজন নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের সমঝোতার পর মাদকবিরোধী সমাবেশ স্থগিত করা হয়।
রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে আমির হামজার মাহফিল। বিকেলে শুরু হওয়া মাহফিলটি মাগরিবের নামাজের আগে শেষ হয়।
জানা যায়, শুক্রবার একই সময়ে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল এবং ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশের প্রচারে শহরে ইজিবাইকে মাইকিং করা হয়। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতারা জানান, মাহফিল বাস্তবায়নে তারা অনড় থাকবেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশ সফল করতে অপর পক্ষও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এমপি আবু তালিব বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে থানায় বৈঠকে বসেন। বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় রাজনৈতিক বক্তব্য পরিহার করে মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত হয়।
ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিল ও বার্ষিক অনুষ্ঠান শুক্রবার সকাল থেকে শুরু হয়। বিকেলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। তার বক্তব্যের মধ্য দিয়ে মাগরিবের নামাজের আগে মাহফিল শেষ হয়।
আলহাজ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা ওলিউর রহমান।
উল্লেখ্য, আমির হামজার মাহফিল আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে গত ১১ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, মাহফিলের আয়োজক ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর আবেদনটি প্রশাসন থেকে অনুমোদন করা হয়নি। আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হলে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানায়। এ কারণে মাহফিলের অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন তিনি। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং পরে অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়। তবে শেষ পর্যন্ত লিখিত অনুমতি পাওয়া যায়নি। পরে প্রশাসন ও দুই পক্ষের সমঝোতায় শান্তিপূর্ণভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
আরটিভি/ এসকেডি




