
গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৬ বাড়িতে কিশোর গ্যাং সদস্যরা হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ছফির উদ্দিনের ছেলে সজীব ফকির শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয় বলে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্তরা হলো- উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের সাকিব (২৫), মারুফ (২৩) ও মাহফুজ (২১)।
সজিব ফকির এজাহারে উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ১০টার দিকে মোবাইল ছিনতাই করার সময় স্থানীয়রা প্রতিবেশী সাকিবকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় হট্টগোল শুনে ঘটনাস্থলে গেলে সজিব ফকিরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধরের হুমকি দিয়ে চলে যায়। ওইদিনই রাত সাড়ে ১২টার দিকে সাকিব, মারুফ ও মাহফুজসহ অজ্ঞাত ১০/১২জন কিশোর দেশীয় অস্ত্র (রড, দা, ছুরি, লাঠি) নিয়ে তার বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ৬টি বাড়ির গেট, ঘর, দরজা দা দিয়ে কুপিয়ে ছিদ্র করে ফেলে। এসময় ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পাটের বস্তায় পেট্টোল ঢেলে বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। যাওয়ার সময় তারা পুড়িয়ে মারার হুমকি দিয়ে যায়।
সজিব বলেন, শিল্প কারখানা ঘিরে এলাকায় বিভিন্ন জেলার মানুষ বসবাস করে থাকে। কারখানার ডিউটি শেষে বাড়ি ফেরার সময় প্রায়ই তারা মোবাইল, বেতনের টাকা ছিনিয়ে নেয়। ভয়ে এসব বিষয়ে সাধারণ কেউ কোনো প্রতিবাদ করে না। শনিবার রাতেও এমন ঘটনা ঘটেছিল। যাদের বাড়ির ভাঙচুর করা হয়েছে তারা সবাই ছিনতাইয়ের পর ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেছিল।
জাতীয় জরুরি নম্বরের ফোনে রাতেই ঘটনাস্থলে যান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলা ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


