
বিএসটিআইয়ের লাইসেন্স নেই, অথচ পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছিল সংস্থাটির লোগো- এমন অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে তিন মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
অভিযানে বিএসটিআই, রংপুরের পরিদর্শক খন্দকার মো. জামিনুর রহমান প্রসিকিউশন প্রদান করেন।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— ধরনীবাড়ি এলাকার রাজু বেকারি, জোদ্দারপাড়া এলাকার পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটস এবং কাচারীপাড়া এলাকার পাবনা বনফুল সুইটস।
রাজু বেকারির স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম রাজুকে ৩০ হাজার, পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের স্বত্বাধিকারী রনি মোদককে ৩৫ হাজার এবং পাবনা বনফুল সুইটসের স্বত্বাধিকারী শম্ভুনাথ ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানতিনটি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারায় তাদের জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী এস এম মেহেদী হাসান বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
আরটিভি/এমএইচজে



