
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি মানিকগঞ্জে। জেলার সার্বিক জনজীবন স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কার্যক্রম চলেছে। স্কুল-কলেজ ও আদালত প্রাঙ্গণে অন্যান্য দিনের মতোই মানুষের উপস্থিতি ছিল। ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে।
এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
অন্যদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে দেখা গেছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরটিভি/এসএস


