
বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. রাকিব খান (২৬)। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জয়মনি সাইলো এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়।
রাকিব জয়মনির সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কী ধারায় মামলা করা হচ্ছে বা আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
আরটিভি/ এসকেডি


