
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিআইডির সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
আরটিভি/টিআর


