
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় ব্যাংকের নাইটগার্ড বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।
অন্যদিকে, শুক্রবার রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস আরও জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতংকের মধ্যে রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কেন্দুয়া গ্রামীণ ব্যাংক শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এসএস


