
পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে স্বাভাবিক হয়েছে।
এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ নদীতে ২টি ও দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি লোড করে আটকা পড়ে। দীর্ঘ সময় দুই ঘাটে নিরাপত্তাহীনতায় আটকা পড়ে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।
পরে সোমবার সকাল ৫টা ৪০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে গেলে ওই ফেরিগুলোর চলাচল শুরু হয়।
এর আগে রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে নদীর পথের নৌচ্যানেলে চলাচলের জন্য পুঁতে রাখা বিকন বাতি ও বয়া দৃষ্টিসীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ চারটি ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শীত মৌসুমে রাতে প্রায়ই এ রকম ঘন কুয়াশা পড়ে, যার কারণে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আরটিভি/এসএস


