
দেশের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সুবিধাভোগীদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।
পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) এসব কথা বলেন।
সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যে যে ধর্মেরই হোক না কেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ তাদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে। এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে।
তিনি জানান, যাদের তথ্য এখনো অন্তর্ভুক্ত হয়নি, তারাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মাননা পাবেন।
ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই হবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বোঝাতে হবে। ধর্মীয় পথপ্রদর্শকেরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাদরাসা শিক্ষাবোর্ডের সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদরাসার জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশ’-এর আদলে মাদরাসা শিক্ষাবোর্ডগুলোর সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদরাসাশিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ অন্যরা।
আরটিভি/এমএম



