
অবশেষে ঘোষণা হলো পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো। দীর্ঘ দরকষাকষি আর ভোটাভুটির পর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, যা ডিসেম্বর থেকে কার্যকর হবে। এদিকে এ ঘোষণার পর শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শিল্পাঞ্চলের অধিকাংশ শ্রমিকরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সেগুনবাগিচায় শুরু হওয়া মজুরি বোর্ডের সভা চলে গভীর রাত পর্যন্ত। পরে বুধবার (২৫ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নতুন কাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
ঘোষণা অনুযায়ী গ্রেড-৪ এ ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১ এ ২১ হাজার ৫০০ টাকা। বর্তমানে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
গ্রেড-৪ নিয়ে ঐকমত্য না হওয়ায় গোপন ভোট হয়। ৬ সদস্যের মধ্যে ৪ জন ১৭ হাজার টাকার পক্ষে, ২ জন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। মালিকপক্ষের শেষ প্রস্তাব ছিল ১৫ হাজার ৭০০ টাকা, আর শ্রমিকপক্ষ দাবি করেছিল ১৮ থেকে ২২ হাজার টাকা।
এদিকে নতুন মজুরি ঘোষণার পর বুধবার সকাল থেকে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্ততার সঙ্গে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে ১৭ হাজার টাকায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন অনেক শ্রমিক। আজও ১৩(১)ধারায় বন্ধ রয়েছে আশুলিয়ার ২২টি পোশাক কারখানা। আরও কয়েকটি কারখানায় এখনো কর্মবিরতি আর ছুটির নোটিশ দেখা গেছে।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য। সড়ক মহাসড়কে টহল ব্যবস্থা জোরদার করা করেছে। এছাড়াও সাদা পোশাকে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দার নজরদারি।
শ্রমিক নেতারা বলছেন, সরকারের চূড়ান্ত গেজেটের দিকেই এখন তাকিয়ে আছে পুরো শিল্পাঞ্চল।
আরটিভি/এমএইচজে




