
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা কয়েক দিনের অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে যৌথ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ। ২৩ নভেম্বর ফটিকছড়ির হাজীরখিল কোদালিয়া টিলায় দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অস্ত্রের বাট, নল, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে পালানোর সময় সুয়াবিল চুরখাঁরহাট এলাকায় স্থানীয়রা তাদের গতিরোধ করেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন সাধারণ মানুষ আহত হন। তবে স্থানীয়রা রায়হানের বিশ্বস্ত চালক জাবেদ হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এরপর ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং ডিবি সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় ২৫ নভেম্বর সন্ধ্যায় কালাইয়ারটেক এলাকায় তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ মাসুদ ও সৌরভকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজার এলাকা থেকে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড় থেকে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সেখানে আত্মগোপনে থাকা রায়হানের রেখে যাওয়া ইতালিতে তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে জনার্ধন দে নামে আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, অভিযানকালে স্থানীয় জনগণ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/টিআর



