
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের জঙ্গী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় জামাল মোড়লের চায়ের দোকানে কয়েকজন অপরিচিত ব্যক্তি চা পান করতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তারা নিজেদের ঢাকা জেলার দোহার থেকে ঘুরতে এসেছেন বলে জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল বের করেন। মিছিল দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষুব্ধ হয়ে উঠলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দা হোসেন শেখ বলেন, হঠাৎ গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, বাইরে থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরটিভি/টিআর


