
রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সৈকত আলী (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ২ নং ভেণ্ডাবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সৈকত আলী ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে সৈকতের পারিবারিক সম্পর্ক রয়েছে। প্রায় পাঁচ মাস আগে সৈকতকে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ওই দিন দুপুরে ওই গৃহবধূ বাড়ির ওয়াশরুমে গোসল করতে গেলে আগে থেকে সেখানে অবস্থান নিয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে মুঠোফোনে তার গোসলের দৃশ্য ধারণ করেন সৈকত।
অভিযোগ অনুযায়ী, একই দিন সন্ধ্যা সাতটার দিকে সৈকত ওই গৃহবধূর বাড়ির সামনে গিয়ে ধারণ করা ভিডিও তাকে দেখান। ভিডিও মুছে ফেলার বিনিময়ে টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পীরগঞ্জ থানায় মামলা করেন, যার মামালা নং ৩১। পরে পুলিশ অভিযান চালিয়ে সৈকত আলীকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এমএম




