
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাল কাটতে গিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন রাসেল মিয়া। ডাল কাটার একপর্যায়ে তিনি হঠাৎ গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অচেতন অবস্থায় তিনি গাছের ডালের সঙ্গে আটকে থাকেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও গাছের উচ্চতা এবং তার অচেতন অবস্থার কারণে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়নি। পরে বিষয়টি সরাইল ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনে।
সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে গাছ থেকে নামিয়ে আনা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আরটিভি/টিআর




