ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ), আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
শিবিরুল ইসলাম : ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক তালা ও দরজা ভেঙে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বিরুদ্ধে।

গত ২৪ নভেম্বর গভীর রাতের এই ঘটনার পর অর্থ লেনদেনের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও রহস্যের দানা বেঁধেছে।

ডা. মমিনুর রহমান জিন্নাহ বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাটিকাশর এলাকায় ডা. জিন্নাহর মালিকানাধীন ‘নিরাময় ক্লিনিকে’ আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক হয় এমন তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর গভীর রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে ২৭ সদস্যের একটি পুলিশ দল সেখানে অভিযান চালায়। ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে সেখান থেকে ডা. মমিনুর রহমান জিন্নাহকে হাতেনাতে আটক করা হয়। তবে রহস্যজনক কারণে তাকে থানায় না নিয়ে ঘটনাস্থল থেকেই ছেড়ে দিয়ে চলে আসে পুলিশ।

স্থানীয়দের ক্ষোভ, ডা. জিন্নাহর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা অপরাধ না-ই থাকে, তবে এত বড় পুলিশ বহর নিয়ে তার ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভাঙা হলো কেন। আর আটক করার পর কীসের ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসি শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝে কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় তিনি একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি মডেল থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।

ঘটনার বিষয়ে জানতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কয়েকজন গণমাধ্যমকর্মী কোতোয়ালি মডেল থানায় ওসির কক্ষে গেলে তিনি সাংবাদিকদের ডা. জিন্নাহকে ছেড়ে দেওয়ার বিষয়ে বলেন, অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এত বড় অভিযানে কাউকে আটকের পর ছেড়ে দেওয়ার কোনো আইনি এখতিয়ার ওসির নেই। কোনো আসামি অসুস্থ থাকলে সে বিষয়ে একমাত্র সিভিল সার্জন এবং আদালত সিদ্ধান্ত দেবেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক। তিনি বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তার প্রাইভেট হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল আওয়ামী লীগ আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই; বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনে আমরা বিষয়টি উত্থাপন করব।

ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

তিনি আরও বলেন, ওসি এতো ক্ষমতা কোথায় পায়, তার খুঁটির জোর কোথায় এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত 
কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ গ্রামে এসে গণপিটুনিতে প্রাণ গেল জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির। ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত 
তেঁতুলিয়ায় টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ
উত্তরের হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে। ভোরের কুয়াশা ও রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রার এই ওঠানামার মধ্যেও টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘর অতিক্রম করেনি। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের তাপে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করে। সন্ধ্যার পর ঠান্ডা বাড়ে এবং রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়। সকালে কুয়াশা খুব বেশি না থাকলেও বাতাসের কারণে ঠান্ডা লাগে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরটিভি/টিআর
তেঁতুলিয়ায় টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে জেলার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রবেশ করেছে। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়। এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে ঢাকায় আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের মোট ৯টি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসআরবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দুইবার জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করেছে। এটি বাণিজ্যিক উৎপাদনের আগের ধাপে রয়েছে। ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট। ইউনিটটি দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। জাতীয় সঞ্চালন লাইন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এটি এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা জানান, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন পরিচালনগত প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। প্রকল্প সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট (প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট)। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। আরটিভি/টিআর
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মাসিক ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধারা ভাতা পাবেন। তাছাড়া সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ হাতে নিয়েছে। আর যারা মুক্তিযোদ্ধা সেজে ভাতা খাচ্ছে তাদের বাদ দেওয়া হবে।  তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। দেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের সভাপতি। মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশের একাংশ দখলের ঘোষণা দিয়েছেন। এ ধরনের বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তাদের উসকানিতে পা দেবে না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও কিংবা অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না। আরটিভি/টিআর
১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
আরও পড়ুন
‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ